শিরোনাম

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপি ছাড়লেন বাবা-ছেলে




চ্যানেল টেন ডেস্ক:

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির এ ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মিরান ফকির বলেন, তাঁর বৃদ্ধ বাবার রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকলেও ভয়ভীতি দেখিয়ে তাঁকে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাঁকেও ভয় দেখিয়ে দলে যুক্ত করা হয়। তবে তাঁদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না। শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।

মিরান ফকিরের দাবি, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তাঁরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে তাঁদের মতের মিল পাননি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তাঁদের পছন্দ নয়।

মিরান ফকির অভিযোগ করেন, রোববার রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় তাঁরা মর্মাহত হয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন, এমন প্রশ্নও তোলেন তিনি।

মিরান ফকির বলেন, ‘শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তার রক্ত মিশে রয়েছে।’

তিনি জানান, নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা। ভবিষ্যতেও এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি।

তবে বাবা-ছেলের পদত্যাগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের করা অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।


No comments