শিরোনাম

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার জেরে গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের

চ্যানেল টেন ডেস্ক: 

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য সুরুজামান (৩৫)। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সন্ধ্যার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। এ সময় সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে পরিচিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

No comments