বুলিং ও সাইবার হয়রানি প্রতিরোধে ২০ জেলায় সচেতনতামূলক কার্যক্রম
চ্যানেল টেন ডেস্কঃ
এইচপিএস কর্মসূচির আওতায় শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ এবং মানসিক সংকটে প্রাথমিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ছেলে বা মেয়ে হওয়ার কারণে কোনো শিক্ষার্থী যেন নির্যাতন বা হয়রানির শিকার না হয়, তা প্রতিরোধ ও মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুত করা হচ্ছে। তবে এসব সমস্যা বন্ধ করতে বিদ্যালয় ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
মাউশি ও নায়েমের তৈরি নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও উদ্বেগ তুলে ধরছেন। বুলিং ও সহিংসতা প্রতিরোধে বিদ্যালয় এবং পরিবার কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হচ্ছে।
ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ বলেন, প্রতিটি শিশুর জন্য বিদ্যালয়, বিদ্যালয়ে যাতায়াতের পথ এবং অনলাইন—সব জায়গাই নিরাপদ হতে হবে। বুলিং মোকাবিলায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সুরক্ষায় সহায়তা করার পাশাপাশি যত্ন ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে হবে।
ঢাকার কেরানীগঞ্জের আগানগর উচ্চবিদ্যালয়ে আয়োজিত আলোচনায় ছাত্রীদের হয়রানি এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ উঠে আসে। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সন্তানদের অনলাইন সুরক্ষায় অভিভাবকদের আরও তথ্য ও দিকনির্দেশনার প্রয়োজনীয়তার কথাও জানান অংশগ্রহণকারীরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক হুসনা আরা বেগম বলেন, হয়রানি প্রতিরোধ ও বিদ্যালয়কে আরও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের সুরক্ষার দায়িত্ব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও বৃহত্তর সমাজের সবার।
অন্যদিকে, লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ে ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বার্তা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের অন্যের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, অপমানজনক বার্তা পাঠানো থেকে বিরত থাকা এবং হয়রানির শিকার সহপাঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এ কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ৮ নভেম্বর ইউনেস্কো ঢাকার সহায়তায় শিক্ষকদের নিয়ে অনলাইন সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের হয়রানি, নির্যাতন ও সাইবার বুলিং নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরবেন শিক্ষকেরা। পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় বাস্তবসম্মত করণীয় নিয়ে আলোচনা হবে।
সংলাপ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করা হবে। এসব পরিকল্পনায় শিক্ষার্থীদের হয়রানি, নির্যাতন ও সাইবার বুলিং প্রতিরোধে করণীয় এবং সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য ও সুস্থতার চর্চাকে বিদ্যালয়ের দৈনন্দিন জীবনের অংশ করে তোলাই স্বাস্থ্য বান্ধব স্কুল কর্মসূচির লক্ষ্য। ইউনেস্কো-সমর্থিত এ বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে শিক্ষক ও বিদ্যালয়প্রধানদের দক্ষতা বৃদ্ধি এবং পরিবার ও স্থানীয় সমাজকে সম্পৃক্ত করে স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক শিক্ষার প্রসারে কাজ করা হচ্ছে।

No comments