শিরোনাম

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে চার সচিবকে আইনি নোটিশ


চ্যানেল টেন ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই আইনি নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরিতে জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের জন্য স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

কমিশনকে অভিযোগগুলোর পাশাপাশি অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।

নোটিশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে ফৌজদারি মামলা করার দাবিও জানানো হয়েছে।

তবে বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশ এবং সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় না আনার বিষয়টি নোটিশে স্পষ্ট করা হয়েছে।

No comments