শে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
চ্যানেল টেন ডেস্ক :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রীসহ বিএনপির রাজনীতি করেন এমন কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। এ দেশেই থেকে জনগণের উন্নয়নে কাজ করবেন তারা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর উপলক্ষে কর্মসূচির স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের সব খাল ও মরা নদী পুনরুজ্জীবিত করা হবে।
পরে তিনি করতোয়া নদীর বিভিন্ন অংশ ও খাল পরিদর্শন করেন। খুব শিগগিরই এসব খাল খননকাজের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সফরের মাধ্যমে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।
সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, সফরকালে প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানী প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি রয়েছে।
এর আগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতা-কর্মীরা। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

No comments