পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা করে চিঠি
চ্যানেল টেন ডেস্ক :
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি তাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করেছেন চিঠির লেখক।
শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’ এতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। চিঠিতে আরও লেখা হয়েছে, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’
শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’
চিঠির শেষাংশে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
পাগলা মসজিদে প্রতিদিনই নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে মানুষ দান করেন। এসব দানের সঙ্গে মাঝেমধ্যে পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও নানা বার্তা। এবার দানবাক্সে পাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা সংবলিত চিঠিটিও তেমনই একটি ঘটনা।
মনোবাসনা পূরণের আশায় প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ পাগলা মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার মসজিদটিতে মুসল্লি ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে।

No comments