মৃত নারীর কার্ডে সাড়ে তিন বছর চাল উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
চ্যানেল টেন ডেস্ক :
কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রায় সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন আম্বিয়া বেগম নামে এক নারী।
অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. বাবলু মিয়া। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তাঁর শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড রয়েছে। কার্ডটির নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।
পরবর্তী সময়ে কার্ডের নাম পরিবর্তন করে স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য বাবলু মিয়া জাতীয় পরিচয়পত্র, ছবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি নিয়ে নেন বলে অভিযোগ করেন আম্বিয়া বেগম।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আম্বিয়া বেগম জানতে পারেন, তাঁর শাশুড়ির নামে থাকা কার্ডের বিপরীতে চাল উত্তোলন করছেন ইউপি সদস্য বাবলু মিয়া। এতে গত সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি তাঁর।
আম্বিয়া বেগম বলেন, ‘সাড়ে তিন বছর আগে আমার শাশুড়ি মারা যাওয়ার পর দুইবার চাল পেয়েছি। পরে মেম্বার বলেন, শাশুড়ি মারা যাওয়ায় কার্ডটি বাতিল হয়েছে। স্বামী ও আমার ছবি এবং ভোটার আইডি দিলে নতুন কার্ড করে দেবেন বলে মূল কার্ডটি নিয়ে নেন। কিন্তু পরে আর কার্ড করে দেননি।’
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে খাদ্য অফিসে গিয়ে জানতে পারি, আমার শাশুড়ির নামে কার্ডটি এখনো চালু রয়েছে। পরে ডিলার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই কার্ডের চাল মেম্বার বাবলু মিয়া তুলছেন। এরপর ১৬ নভেম্বর ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি। আমি মেম্বারের শাস্তি ও চালের ক্ষতিপূরণ চাই।’
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমি এক বছর হলো চালের ডিলারশিপ পেয়েছি। এই এক বছরে আমার কাছ থেকে চালের কার্ডটি ইউপি সদস্য নিয়ে এসে চাল তুলেছেন।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য বাবলু মিয়া। তিনি বলেন, ‘আমি আমেনা ও আম্বিয়া বেগমকে চিনি না। আমাকে কেউ কোনো কাগজপত্র দেয়নি। সামনে ইউপি নির্বাচন, আমাকে ফাঁসানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ বলেন, ‘অভিযোগপত্রটি আমি হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীকে আমার কাছে আসতে বলেন।’
এদিকে সরকারি খাদ্যসহায়তা নিয়ে ওঠা এ অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

No comments