চাঁদা না দিলে সব প্রতিষ্ঠান বন্ধের হুমকি, যা জানালেন ইসরাত পায়েল
চ্যানেল টেন ডেস্কঃ
৭২ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে তার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন উপস্থাপনা ও মডেলিং এর মাধ্যমে পরিচিতি পাওয়া উপস্থাপিকা ইসরাত পায়েল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
তার দাবি, ৭২ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে তার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পোস্টে ইসরাত পায়েল লেখেন, ‘৭২ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে, আমার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে!’
তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে ইসরাত পায়েল গণমাধ্যমকে বলেন, ‘এটা কোনো পলিটিক্যাল ঘটনা কি না, কে বা কারা এই হুমকি দিয়েছে, তা আমরা নিজেরাই খুঁজে বের করার চেষ্টা করছি। আমার সাতটি প্রতিষ্ঠান আছে। সেগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি।’
তবে ঠিক কারা তাকে হুমকি দিয়েছে, কী পরিমাণ অর্থ চাওয়া হয়েছে কিংবা কোন কোন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এমন হুমকি দেওয়া হয়েছে সেসব বিষয়ে বিস্তারিত জানাননি পায়েল। এ ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নামও প্রকাশ করেননি তিনি।
প্রসঙ্গত, ইসরাত পায়েল দীর্ঘদিন ধরেই দেশের বিনোদন অঙ্গনে উপস্থাপক হিসেবে পরিচিত। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ ঘিরে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেন। আন্তর্জাতিক আয়োজনের মঞ্চে তার উপস্থিতি তাকে নতুন করে পরিচিতি এনে দেয়।
এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে তাকে। বিনোদন, লাইফস্টাইল ও নানা বিশেষ আয়োজনের মঞ্চে সাবলীল উপস্থাপনার জন্য দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন পায়েল। টেলিভিশনের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন বড় অনুষ্ঠানেও উপস্থাপনা করেছেন তিনি।

No comments