শিরোনাম

ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে করা মামলায় ডিজিএফআই ও আনসার সদস্যসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, ডিজিএফআই সদর দপ্তরের সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান (৩১), আনসার সদস্য সোহেল রানা (৩২), বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান লগ এরিয়া সিকিউরিটি কোম্পানির নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী (২৬), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মাহফুজুর রহমান (২২) এবং লালমনিরহাটের কালীগঞ্জের জিয়াউল ইসলাম (৩৫)।

এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী মো. শরিফ (৩২) মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করেন। প্রতিবেশী জিয়াউল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় ও সুসম্পর্ক ছিল। গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মোটরসাইকেল কেনার কথা বলে জিয়াউল তাঁকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৬ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে শরিফকে রেখে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বেরিয়ে যান জিয়াউল।

কিছুক্ষণ পর আল মামুন, নুরুজ্জামান, সোহেল রানা ও মামলার অপর এক আসামি ওই ফ্ল্যাটে ঢুকে শরিফকে আটকে রাখেন। এ সময় তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাঁদের হাত থেকে মুক্তি পেতে মোটরসাইকেল কেনার জন্য সঙ্গে রাখা ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন শরিফ। এরপরও আসামিরা সন্তুষ্ট না হয়ে তাঁকে মারধর করেন এবং আবারও ১০ লাখ টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, শরিফ পরিবারের সদস্যদের ফোন করে টাকা সংগ্রহের চেষ্টা করেন। পরে ২৫ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে তিনজন অভিযুক্ত তাঁকে বাসা থেকে নামিয়ে মুকুল গাজীর সঙ্গে থাকা একটি সাদা রঙের টয়োটা প্রোবক্স গাড়িতে তোলেন। গাড়িটি চালাচ্ছিলেন মাহফুজুর রহমান। পরে তাঁকে শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের বিপরীত পাশে নিয়ে আটকে রাখা হয়।

একপর্যায়ে অভিযুক্তরা গাড়ি থেকে নেমে চা খেতে গেলে শরিফ পুলিশের গাড়ি দেখতে পান। তখন তিনি গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে আসেন এবং শেরেবাংলা নগর থানা পুলিশকে বিষয়টি জানান।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। এ সময় ঘটনায় ব্যবহৃত টয়োটা প্রোবক্স গাড়িটিও জব্দ করা হয়।

এ ঘটনায় শরিফ মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় সোনিয়া (৩০) ও ফনিরুল ওরফে মনিরুল (৪৫) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।

No comments