শিরোনাম

ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান যেন জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মিলনমেলা

চ্যানেল টেন ডেস্কঃ

নীলফামারীতে লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেছে বিএনপি, জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ‘এক লাখ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও নীলফামারী আইনজীবী সমিতির জিপি অ্যাডভোকেট আবু মো. সোয়েম।

এতে সভাপতিত্ব করেন কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন নীলফামারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সন্তোষ কুমার রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, কচুকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু হানিফ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুকাটা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হাই।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা- সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের বলেন, কে কোন দল করে, সেটি দেখার সময় আমার নেই। তিনি ক্লাবের সদস্য, সেটিই বড় কথা। আওয়ামী লীগ হলে কি ক্লাবের সদস্য হতে পারবেন না? আমরা নিরপেক্ষ ক্লাব গঠন করেছি। সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে।

অন্যদিকে, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আবু মো. সোয়েম বলেন, আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব। আমাকে জেলার যেকোনো খেলায় দাওয়াত দিলে যেতে হবে। সেখানে খেলা কমিটি কাকে দাওয়াত দিয়েছে, সেটি তো আমি খুঁজতে যাব না। এটা খেলা কমিটির বিষয়।

এ বিষয়ে বক্তব্য জানতে নীলফামারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও টুর্নামেন্টের উদ্বোধক সন্তোষ কুমার রায়ের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

No comments