বগুড়ার দূর্গাহাটা ডিগ্রি কলেজে সভাপতি-অধ্যক্ষের দাবিদার ছয়জন, পাস করলো মাত্র ৪জন!
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। চলতি বছর কলেজটি থেকে ৭৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র চারজন। অকৃতকার্য হয়েছেন বাকি ৭৪ জন। এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে প্রায় ৫ দশমিক ১৩ শতাংশ।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রশাসনিক নেতৃত্ব নিয়েও দেখা দিয়েছে জটিলতা। কলেজটির সভাপতি পদে তিনজন এবং অধ্যক্ষ পদে তিনজন নিজেদের দাবিদার হিসেবে পরিচয় দিচ্ছেন। একই প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তির সভাপতি ও অধ্যক্ষ পরিচয় দেওয়ার ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একদিকে কলেজের পরিচালনা ও নেতৃত্ব নিয়ে বিরোধ, অন্যদিকে শিক্ষার এমন হতাশাজনক ফলাফল প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ ও শিক্ষার মান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কলেজটির ফল বিপর্যয়ের কারণ এবং প্রশাসনিক বিরোধের বিষয়ে বক্তব্য জানতে নিজেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করা জিয়াউল ইসলাম জুয়েলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
কলেজটির প্রশাসনিক বিরোধ নিরসন এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

No comments