শেখেরকোলা ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী জায়দার
বগুড়া প্রতিনিধিঃ
আসন্ন ৭নং শেখেরকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে ইউনিয়নবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন মোঃ গোলাম রব্বানী জায়দার। তিনি বগুড়া সদর উপজেলা যুবদলের সদস্য (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত একটি প্রচারপত্রে তিনি শেখেরকোলা ইউনিয়নকে আধুনিক, সমৃদ্ধ, নিরাপদ, বৈষম্যহীন ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরেছেন। প্রচারপত্রে তাঁর মূল স্লোগান—‘পরিবর্তনের অঙ্গীকার, জনসেবাই প্রথমাধিকার’ এবং ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
ঘোষিত অঙ্গীকারনামায় নাগরিক সেবা সহজ, স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত করার পাশাপাশি জন্মনিবন্ধন, নাগরিক সনদ, মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদসহ বিভিন্ন নাগরিক সেবা বিনামূল্যে দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়ম ও হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়া ইউনিয়নের মানুষের সুবিধার্থে ভূমি অফিস স্থানান্তর, পোস্ট অফিস স্থাপন, আধুনিক ও পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ গঠন এবং কুরবানির হাটসহ আধুনিক বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। ইউনিয়নে ব্যাংকিং সেবা চালু এবং প্রবাসীদের পাঠানো অর্থ স্থানীয়ভাবে উত্তোলনের সুযোগ তৈরির বিষয়টিও তাঁর পরিকল্পনায় রয়েছে।
যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা, উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষি খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন গোলাম রব্বানী জায়দার। পাশাপাশি মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা উল্লেখ করেছেন।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বিকাশে সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং ইউনিয়নের গ্রাম, রাস্তা ও বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।
অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাট, সেতু-কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। এ জন্য ইউনিয়নবাসীর সঙ্গে আলোচনা সভার মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেছেন। পাশাপাশি দরিদ্র, অসহায় ও কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং সরকারি-বেসরকারি সহায়তার সুযোগ সৃষ্টির কথাও রয়েছে তাঁর প্রতিশ্রুতিতে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত অসহায়দের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, প্রতি অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছেন।
প্রচারপত্রে নিজের মূলনীতি হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার, জনসেবা ও সামগ্রিক উন্নয়নের কথা উল্লেখ করেছেন গোলাম রব্বানী জায়দার।
তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে শেখেরকোলাকে একটি সুন্দর, নিরাপদ, বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর ভাষ্য, উন্নয়নের গল্প শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তবায়নই তাঁর মূল লক্ষ্য।

No comments