শিরোনাম

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বর্ণ গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যাওয়ার ঘটনায় মোঃ রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ ওই এলাকার মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ঐতিহাসিক সাতমাথাসহ নগরের বিভিন্ন এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে হেঁটে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান তিনি। পরে তাঁর ছবি দেখে পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক। তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন বলে জানা গেছে। এছাড়া বার্মিজ চাকুসহ তাঁকে গ্রেপ্তারের তথ্যও রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বর্ণের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি এবং কয়েকটিতে তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছেন।

তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি অস্ত্র আইনে দায়ের করা একটি মামলা, গাবতলী থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলা, ২০২২ সালের ১৭ জানুয়ারি গাবতলী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা এবং ২০২৫ সালের ২৬ মে বগুড়া সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও একটি মামলা রয়েছে।

No comments