শিরোনাম

বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষা বোর্ডের তদন্ত

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার শাজাহানপুরে জাল শিক্ষা সনদ ব্যবহার করে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ফজলুল হক উজ্জ্বল ওরফে রিপনের বিরুদ্ধে। এ অভিযোগের পর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

অভিযুক্ত ফজলুল হক উজ্জ্বল ওরফে রিপন শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক। গত ২৮ জুন রাজশাহী শিক্ষা বোর্ড থেকে তাকে খড়না ইউনিয়নের নাদুর পুকুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ও বনভেটি আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে অন্তত স্নাতক (ডিগ্রি) পাসের যোগ্যতা থাকা প্রয়োজন। অভিযোগ রয়েছে, সভাপতি হওয়ার জন্য ফজলুল হক উজ্জ্বল যে শিক্ষা সনদ জমা দিয়েছেন, সেটি টেম্পারিং করা এবং জাল।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেন খড়না ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী। অভিযোগপত্রে তিনি দাবি করেন, উজ্জ্বলের জমা দেওয়া সনদের রোল নম্বর দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচাই করলেই সনদটির সত্যতা নিয়ে প্রশ্নের বিষয়টি স্পষ্ট হবে। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে শিক্ষা সনদে থাকা নামেরও গরমিল রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মহসীন আলী বলেন, ‘উজ্জ্বল টাকার বিনিময়ে ও তদবির করে জাল সনদে সভাপতি হয়েছেন। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

তবে জাল সনদ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ফজলুল হক উজ্জ্বল ওরফে রিপন। তিনি বলেন, ‘আমি যে শিক্ষা সনদ জমা দিয়েছি, সেটি শতভাগ সঠিক। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করেছে।’

এদিকে, সনদ জাল হওয়ার বিষয়টি তাদের জানা ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

নাদুর পুকুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, সভাপতি হওয়ার জন্য উজ্জ্বল যে কাগজপত্র দিয়েছিলেন, সেগুলোই শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়েছে। বনভেটি আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানও একই কথা জানান। তাদের মতে, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান জানান, শিক্ষা বোর্ডের চিঠি পাওয়ার পর দুই বিদ্যালয়ের সভাপতির দাখিল করা সনদপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। তদন্ত শেষে দ্রুত শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠানো হবে।

তদন্তে শিক্ষা সনদটি জাল বা টেম্পারিং করা প্রমাণিত হলে সভাপতির পদে তার যোগ্যতা ও অনুমোদনের বিষয়টি নতুন করে পর্যালোচনার মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

No comments