শিরোনাম

সিলেটে এক দিনে ২ মরদেহ উদ্ধার

চ্যানেল টেন ডেস্কঃ

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নগরীর খোজারখলা কাশবন আবাসিক এলাকা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত মরদেহ এবং এর আগের রাতে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁওয়ে নিজ বসতঘর থেকে ৪০ বছর বয়সী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান ও এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নগরীর খোজারখলা কাশবন আবাসিক এলাকার একটি কলোনি থেকে কিশোর আমিন আলীর (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিন আলী মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের শুকুর মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি ওই কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।’

এদিকে, গতকাল বুধবার রাতে সিলেট এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁওয়ে নিজ বসতঘর থেকে জমির আলী (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জমির আলী ওই গ্রামের করম আলীর ছেলে। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান বলেন, ‘জমির আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছোরা দিয়ে গলা কেটে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

No comments