শিরোনাম

মাদকসহ আটক, টাকার বিনিময়ে অন্য মামলায় গ্রেফতার দেখানোর অভিযোগ এএসআই উজ্জ্বলের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় মাদকসহ এক ব্যক্তিকে আটকের পর ১০ হাজার টাকার বিনিময়ে মাদক মামলায় গ্রেফতার না দেখিয়ে পুরোনো একটি ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে সদর থানার এএসআই উজ্জ্বলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।

অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তি বগুড়া মহানগরের উত্তর চেলোপাড়া এলাকার মৃত মদনের ছেলে বজুয়া। স্থানীয় একাধিক সূত্রের দাবি, বজুয়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে বগুড়া মহানগরের বড়গোলা মোড় এলাকা থেকে বজুয়াকে আটক করেন বগুড়া সদর থানার এএসআই উজ্জ্বল। পরে তার কাছ থেকে ছয় পাতা, ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের অভিযোগ ওঠে।

আরও অভিযোগ করা হচ্ছে, পুলিশের সোর্স হিসেবে পরিচিত আবু জিহাদ ওরফে আবুর মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে বজুয়াকে মাদক মামলায় গ্রেফতার না দেখিয়ে আগের একটি ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টে গ্রেফতার দেখানো হয়। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক সদর থানার এক কর্মকর্তা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

তবে অভিযোগ অস্বীকার করে এএসআই উজ্জ্বল বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়নি। টাকা নেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, আমি কোনো টাকাও নিইনি।”

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে, সেটা জানি। যদি মাদকসহ আটকের পর তাকে অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়ে থাকে, তাহলে সেটি অপরাধ। আমরা বিষয়টি যাচাই-বাছাই করব। এমন ঘটনা ঘটেছে প্রমাণিত হলে অবশ্যই অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় প্রকৃতপক্ষে বজুয়ার কাছ থেকে মাদক উদ্ধার হয়েছিল কি না, উদ্ধার হয়ে থাকলে তা মামলায় অন্তর্ভুক্ত না করার কারণ কী এবং আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা কতটুকু এসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকে নজর রয়েছে।

No comments