বিনামূল্যে মদ না দেওয়ায় মদের দোকানের ম্যানেজারের শরীরে আগুন
বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় নরসিংদীতে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে ওই ম্যানেজারের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রাব্বির মা মিনু বেগম বাদী হয়ে সোমবার রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন।
ভুক্তভোগী তানভীর আহমেদ রাব্বি নরসিংদী পৌর শহরের বেপারীপাড়ার মনির মিয়ার ছেলে।
মামলায় অভিযুক্তরা হলেন—নরসিংদী পৌর শহরের বৌয়াকুর এলাকার বজলুল হক সরকারের ছেলে জাহাঙ্গীর সরকার (৬০) ও তার ছেলে জাহিদ সরকার (২৬)। জাহাঙ্গীর সরকার বাজিরমোড় এলাকায় একটি আবাসিক হোটেল পরিচালনা করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীর সরকার বাজিরমোড় এলাকার লাইব্রেরি পট্টিতে অবস্থিত লাইসেন্সপ্রাপ্ত দেশীয় মদের দোকানে গিয়ে রাব্বির কাছে বিনামূল্যে ১০ লিটার মদ দাবি করেন। রাব্বি এতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ করা হয় এবং পরে জোরপূর্বক ১০ লিটার মদ নিয়ে চলে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এর কিছুক্ষণ পর জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকার কয়েকজন লোক নিয়ে দোকানের কাউন্টারের সামনে আসেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা রাব্বিকে খুঁজে বের করে তার শরীরে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আগুনে রাব্বির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। দোকানের অন্য কর্মচারীরা দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর পর তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
রাব্বির স্ত্রী নিপা আক্তারের দাবি, তার স্বামীর মুখমণ্ডলসহ শরীরের প্রায় ৩৮ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালি পুড়ে যাওয়ার পাশাপাশি ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি স্বামীর সুস্থতা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
রাব্বির বাবা মনির হোসেন বলেন, তার ছেলে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ছেলের ওপর হামলার ঘটনায় তিনি অভিযুক্তদের বিচার দাবি করেন।
নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল মামুন বলেন, বিনামূল্যে মদ না দেওয়াকে কেন্দ্র করে এক কর্মচারীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

No comments