বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর গ্রামে ১৪ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় একই গ্রামের পাঁচ কিশোর জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। বর্তমানে ওই কিশোরী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে রজাকপুর গ্রামের একটি ঝোপঝাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচ কিশোর ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে ঝোপঝাড়ের দিকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ সময় কিশোরী চিৎকার করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়।
ঘটনার পর কিশোরী বাড়িতে ফিরে তার নানীকে বিষয়টি জানায়। নানী স্থানীয় কয়েকজনকে বিষয়টি অবহিত করলে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে তাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে।
পরবর্তীতে নিরাপত্তার কথা বিবেচনা করে কিশোরীকে বগুড়া সদর উপজেলার রজাকপুর থেকে কাহালু উপজেলার কুশলিহার গ্রামে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কিশোরীর ফুপু তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে ওই কিশোরী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

No comments