শিরোনাম

বগুড়ায় জন্মদিনের দাওয়াতে ডেকে ‘পিস্তল-চাকু’ ঠেকিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় জন্মদিনের দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে পিস্তল, ধারালো চাকু ও কুঠার দেখিয়ে মারধর এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. গোলাম রব্বানী (২৬) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মো. গোলাম রব্বানী উল্লেখ করেন, তিনি দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ এলাকার বাসিন্দা। পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয়। গত ৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে অভিযুক্তদের একজনের স্ত্রী মোবাইল ফোনে তাকে জন্মদিনের দাওয়াত দেন। পরে তিনি তার বন্ধু মো. আল আমিনকে সঙ্গে নিয়ে বগুড়া সদর থানাধীন জহুরুলনগর এলাকায় অভিযুক্তদের একজনের বাড়িতে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে অভিযুক্ত তিনজনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। যাওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর অভিযুক্ত ব্যক্তির স্ত্রী তার ব্যাগ থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য বের করে অভিযোগকারীকে সেবনের জন্য চাপ দেন। তিনি মাদক সেবনে অস্বীকৃতি জানালে তাকে ও তার বন্ধুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

একপর্যায়ে তাদের এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে একজন পিস্তল এবং আরেকজন ধারালো চাকু বের করে তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ করেন গোলাম রব্বানী।

অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের পুনরায় মারধর করা হয়। এ সময় ইয়াবা, মদ, পিস্তল, চাকু ও কুঠার সামনে রেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে অভিযুক্তদের দেওয়া বিকাশ নম্বরে মোট ২ লাখ টাকা পাঠানো এবং মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি। টাকা নেওয়ার পর তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগকারী জানান, ঘটনার পর আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মো. গোলাম রব্বানী।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর বিষয়ে সত্যতা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

No comments