শিরোনাম

২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

চ্যানেল টেন ডেস্কঃ

যোগদানের মাত্র ২০ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড- ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে। 

তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

গত ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসিল্যান্ড হিসেবে যোগ দেন নিয়ামত উল্ল্যা। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

তিনি ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন বলেন, রবিবার সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

আদেশে সরকারি জনস্বার্থে তাকে বদলি করার কথা বলা হয়েছে। প্রথম আদেশে তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে বলে জেনেছি। গতকাল সন্ধ্যায় এসিল্যান্ড কর্মস্থল ত্যাগ করেছেন।

তবে তিনি প্রত্যাহারের কারণ জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যাবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হচ্ছে, তার ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। তিনি ছদ্মনামে ব্লগে লেখালেখিও করতেন বলে দাবি করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ নিয়ামত উল্ল্যা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। সর্বশেষ ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, এসিল্যান্ডকে নিয়ে ফেসবুকে কিছু তথ্য প্রকাশ হয়েছে, সে কারণে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলতে পারবো না।

No comments