ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি লেকের পাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত জাভেদ আহম্মেদ ভাটারা থানার একটি আবাসিক এলাকায় থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা মরদেহের সঙ্গে থাকা একটি এনআইডি কার্ড খুঁজে পান। সেই সূত্রে পরিবারকে খবর দিলে তার স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
স্ত্রী শাহানা জাবিন খান জানান, জাভেদ আহম্মেদ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন। তবে কীভাবে তিনি ওই লেকে পড়ে মারা গেলেন সে বিষয়টি প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

No comments