পুলিশের ওপর হামলা চালিয়ে সুড়ঙ্গপথে পালাল সন্ত্রাসী বগা
চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। খুলশীতে তার আস্তানায় অভিযানের সময় অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ওসির সরকারি গাড়িও।
পুলিশের দাবি, হামলার সুযোগে বাসার গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান বগা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম। তিনি জানান, হামলায় তার হাতের একটি আঙুল ভেঙে গেছে। আহত হয়েছেন পুলিশের আরও কয়েকজন সদস্য।
ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। পুলিশ সূত্রে জানা গেছে, খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে।
গত ৩০ আগস্ট পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতন এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে হুমকি দেওয়ার অভিযোগে ওয়াকিল হোসেন ওরফে বগাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এতে বগাকে দুই নম্বর আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বগার নামে একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজশিক্ষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর বগাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় অভিযান শুরু হয়।
পুলিশের ভাষ্য, অভিযানের খবর পেয়ে বগার অনুসারীরা বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড দেয়। পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এ সময় খুলশী থানার ওসির সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হামলায় ওসিসহ পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হন।
এরপর পুলিশের একাধিক দল ওয়্যারলেস কলোনির বিভিন্ন গলি ও ওয়াকিল হোসেনের বাসায় অভিযান চালায়। এ সময় বাসার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ ও বিকল্প বের হওয়ার পথের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, ওই পথ ব্যবহার করেই পালিয়ে যান বগা। পরিবারের সদস্যদের সহযোগিতায় তিনি পুলিশের অভিযান শুরুর আগেই সরে পড়েছিলেন বলেও ধারণা করছে পুলিশ।
অভিযানের সময় মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ওয়াকিল হোসেন ওরফে বগা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কলেজশিক্ষককে নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর তার বিরুদ্ধে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্টসহ অন্যান্য অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।’
তিনি বলেন, ‘আমরা অভিযানে গেলে তারা আগে থেকেই রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে। এরপর অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এলাকাটি অন্ধকার ছিল, সড়কেও পর্যাপ্ত আলো ছিল না। এ সুযোগে হামলাকারীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ও অন্যান্য বস্তু নিক্ষেপ করে।’
ওসি আরও বলেন, ‘হামলায় আমার হাতের একটি আঙুল ভেঙে গেছে। আরও পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সাধারণ মানুষও আহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

No comments