শিরোনাম

বগুড়ায় গুলির অভিযোগ টিকল না, রিপন হত্যা মামলায় হাসিনাসহ ১০৪ জনের অব্যাহতির সুপারিশ

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ায় ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কসাই রিপন ফকিরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফেরদৌস আলী সম্প্রতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদনটি জমা দেন। আগামী ১০ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে এসআই ফেরদৌস আলী জানান, এজাহারে রিপন ফকির গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে উল্লেখ থাকলেও ময়নাতদন্ত প্রতিবেদনে শরীরে কোনো ধরনের আঘাত বা গুলির চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া নিহতের স্ত্রী মাবিয়া বেগম ও ভাইসহ একাধিক সাক্ষী জবানবন্দিতে জানিয়েছেন, রুটি খাওয়ার সময় গলায় আটকে অসুস্থ হয়ে তিনি মারা যান। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমেও একই তথ্য প্রকাশিত হয়েছিল। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাছেদ বলেন, মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে তিনি অবগত হয়েছেন। এখন বাদীর মতামত নেওয়া হবে। বাদী আপত্তি জানালে আদালতে নারাজি আবেদন করতে পারবেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরের ঝাউতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় রিপন ফকির গুলিতে নিহত হয়েছেন—এ অভিযোগে তার স্ত্রী মাবিয়া বেগম ১৭ সেপ্টেম্বর সদর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনসহ ১০৪ জনের নাম উল্লেখ করে মোট ৪০৪ জনকে আসামি করা হয়।

তবে মামলা দায়েরের পরই নিহতের স্ত্রী ও ভাই সাংবাদিকদের জানান, রিপন ফকির আন্দোলনে গিয়ে গুলিতে নয়; বরং রুটি খাওয়ার সময় গলায় আটকে মারা যান। তারা দাবি করেন, সরকারি সহায়তা ও ‘শহীদ’ স্বীকৃতির আশ্বাস দিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি তাদের দিয়ে কিছু কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন।

পরবর্তীতে আদালতের নির্দেশে মৃত্যুর ১১২ দিন পর, ২০২৪ সালের ২৪ নভেম্বর রিপন ফকিরের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। পরে ধর্মীয় মর্যাদায় পুনরায় দাফন করা হয়।

তদন্তে তিনজন কর্মকর্তা দায়িত্ব পালন করেন এবং ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। তদন্তে আরও উঠে আসে, ঘটনাকালে ঝাউতলা এলাকার অধিকাংশ দোকান ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। স্থানীয় কয়েকজন দোকানকর্মীও সেখানে গুলির কোনো ঘটনা দেখেননি বলে জানিয়েছেন।

অন্যদিকে, গোদারপাড়া এলাকার চায়ের দোকানি শামিম প্রামাণিক জানান, রিপন ফকির তার দোকান থেকে পাউরুটি কিনে খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা নাজিরুল ইসলাম, যিনি লাশের গোসল ও জানাজার ইমামতি করেছিলেন, তিনিও জবানবন্দিতে বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

এছাড়া ২০২৫ সালের ২০ মার্চ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ময়নাতদন্ত প্রতিবেদনে মৃতদেহে কোনো আঘাতের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রাথমিক তালিকায় রিপন ফকিরের নাম থাকলেও চূড়ান্ত গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হয়নি। তবে তার পরিবার বিভিন্ন রাজনৈতিক দলের আর্থিক সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছে।

No comments