বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী নিহত ১
বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিরোধ মেটাতে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) নামে এক যুবক তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments