হারপিক খেয়ে হাসপাতালে, ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
হারপিক পান করে আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে ভর্তি করা হলেও সেখানকার ভবন থেকে লাফিয়ে পড়ে আলমগীর হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।
আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুরের খোয়াজ আলীর ছেলে।
তিনি হাসপাতালটির নতুন ভবনের ৩৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে ওই যুবক আত্মহত্যা করেছেন।
তবে কী কারণে মারা গেছেন, এ নিয়ে তদন্ত চলছে।
সিলেট এমএজি ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, ওই রোগী হারপিক পান করে ১১ আগস্ট হাসপাতালে ভর্তি হন।
তিনি নতুন বিল্ডিংয়ের ৫ তলার ৩৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
আলমীরের মানসিক সমস্যা ছিল বলে শ্যালকের বরাত দিয়ে জানান এসআই আনোয়ারুল ইসলাম।
এ ব্যাপারে জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মনির ও সহকারী পরিচালক বদরুল আমিনের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

No comments