টিকটক-রিলসে প্রেমের ফাঁদ, প্রথম স্বামীকে সহযোগী বানিয়ে প্রবাসীকে বিয়ে: বগুড়ায় প্রতারণার অভিযোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ও রিলস ভিডিওর মাধ্যমে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণার অভিযোগ উঠেছে বগুড়ার এক তরুণীর বিরুদ্ধে। ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে এক প্রবাসীকে বিয়ে এবং তাঁর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই তরুণীর পাশাপাশি তাঁর প্রথম স্বামীর বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে। অভিযুক্ত তরুণীর নাম আশা আক্তার (২২)। স্থানীয়দের দাবি, তিনি একই সময়ে দুই স্বামীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে প্রতারণার একটি চক্র পরিচালনা করছিলেন। এ কাজে তাঁর প্রথম স্বামী শাহাব উদ্দিন সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে পীরগাছা বথুয়াবাড়ী গ্রামের শাহাব উদ্দিনের সঙ্গে আশা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য সম্পর্ক বহাল থাকা অবস্থায় আশা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ শুরু করেন বলে অভিযোগ। এতে তাঁর প্রথম স্বামী শাহাব উদ্দিন সহযোগিতা করতেন বলেও স্থানীয়দের দাবি।
এরই ধারাবাহিকতায় প্রায় ছয় মাস আগে মালয়েশিয়া প্রবাসী সিহাব হাসানের সঙ্গে ফেসবুকে আশার পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, আশা নিজেকে অবিবাহিত ও ‘নুসরাত জাহান মায়া’ নামে পরিচয় দিয়ে সিহাবকে বিয়ের প্রস্তাব দেন।
পরবর্তীতে সিহাব দেশে ফিরে ১ লাখ টাকা দেনমোহরে আশাকে বিয়ে করেন। বিয়ের প্রায় এক মাস পর তিনি আবার মালয়েশিয়ায় চলে যান।
অভিযোগ রয়েছে, এরপর মালয়েশিয়ায় থাকা সিহাবের কাছ থেকে সংসার খরচ, স্বর্ণের চেইনসহ বিভিন্ন কারণ দেখিয়ে নিয়মিত অর্থ নিতে থাকেন আশা। প্রবাসীর পাঠানো অর্থের একটি অংশ প্রথম স্বামী শাহাব উদ্দিনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে গ্রহণ করা হতো বলেও অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি সিহাব অনুসন্ধান করে জানতে পারেন, আশার আগের স্বামী এখনও তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে একাধিক পুরুষের সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগও জানতে পারেন তিনি।
বিষয়টি জানাজানি হওয়ার পর সিহাবের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে আইনি জটিলতা ও মামলার আশঙ্কায় শনিবার রাতে প্রথম স্বামী শাহাব উদ্দিন আশাকে নিয়ে প্রবাসী সিহাবের বাড়িতে যান। সেখানে স্থানীয়রা তাঁদের আটকে রাখেন।
পরদিন রোববার সকালে তাঁদের লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়দের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলেন আশা ও শাহাব। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশা প্রথমে শাহাব উদ্দিনকে তাঁর ‘বন্ধু’ হিসেবে পরিচয় দিলেও পরে তাঁকে নিজের বৈধ স্বামী বলে স্বীকার করেন বলে স্থানীয়রা জানান।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের ভাষ্য, একই সময়ে দুই স্বামীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে অর্থ লেনদেনের এমন অভিযোগ বিরল।
লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ বলেন, “এটি চরম সামাজিক অবক্ষয়ের চিত্র। এক নারী প্রতারণা করে দুই স্বামীর সঙ্গে সংসার এবং অর্থ আত্মসাৎ করেছেন। উভয় পক্ষকে নিয়ে আইনি সহায়তায় বিষয়টি স্থায়ী সমাধানের চেষ্টা চলছে, যাতে এলাকায় এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।”
এ ঘটনায় অভিযোগের আইনগত ভিত্তি, সংশ্লিষ্টদের বক্তব্য এবং থানায় করা লিখিত অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

No comments