বগুড়ার সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক ২
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ২৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে পৌরসভা এলাকা ও চন্দনবাইশা তদন্ত কেন্দ্রে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সারিয়াকান্দি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শাহজাহান ওরফে গামা (৩৫)কে আটক করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী গ্রামের মোঃ নিয়ামত আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, শাহজাহান একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট রয়েছে।
অন্যদিকে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের অভিযানিক দল ঘুঘুমারী শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সজীব হোসেন (২৩)কে আটক করে। তিনি ওই এলাকার মৃত জান্নাতুল ফেরদৌসের ছেলে।
পুলিশের দাবি, আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একই সময়ে দুই অভিযানে মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়ে আলোচনা চলছে।

No comments