শিরোনাম

খুলনায় জোড়া খুনের কারণ জানাল র‌্যাব, গ্রেপ্তার ৩

চ্যানেল টেন ডেস্কঃ

খুলনার লবণচরা থানার হরিণটানা আশিবিঘা এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারকে কেন্দ্র করে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি হত্যার প্রতিশোধ নিতেই মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে জানিয়েছে র‌্যাব-৬।

শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ। তিনি জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত টুটপাড়ার কুখ্যাত সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রফিকুল ইসলাম রফিককে শুক্রবার গোপালগঞ্জের মাঝিগাতি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফির দেওয়া তথ্যের ভিত্তিতে টুটপাড়া থেকে সাগর নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি শটগান, গুলি, পিস্তল, চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফি ও রফিক হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। সাইফির দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নাজমুল ছিল তাদের গ্রুপের সদস্য। অন্যদিকে নিহত মঞ্জুরুলের রোহান-পলাশ গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, নাজমুলকে সন্ত্রাসী রফিক আটক করে ভিডিও কলে রেখে কোপায়।

এ ঘটনার পর প্রতিশোধ নিতে সাইফি ও তার দলের ১৫ থেকে ১৬ জন সদস্য আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আশিবিঘা এলাকায় যায়। সেখানে মঞ্জুরুলকে সামনে পেয়ে তার বাবার উপস্থিতিতেই তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

র‌্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার জেরেই হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

No comments