শিরোনাম

হাতকড়াসহ পালানো আসামি ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তারের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি মো. রাজু মিয়াকে ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের একটি দল কোবাগা এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ রাজু মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে হাতকড়া পরিয়ে তদন্তকেন্দ্রে নেওয়ার পথে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে রাজু পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান।

পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। প্রায় ১০ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় শুক্রবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে নারায়ণগঞ্জের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে।

No comments