শিরোনাম

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মিশর সমর্থক নিহতের অভিযোগ

চ্যানেল টেন ডেস্কঃ

বিশ্বকাপ ফুটবল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কুমিল্লায় মো. শরিফুল ইসলাম নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিনি মিশর দলের সমর্থক ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে শরিফুল ইসলাম হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু তার মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা হান্নান বলেন, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। খেলায় হার-জিত থাকবেই, তাই বলে খুনাখুনি হতে পারে না।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments