খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রায় শতাধিক দেশের প্রতিনিধিরা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লাতে তার মরদেহটি রাখা হয়েছে। সেখানে আরও চারটি কফিন আছে। যার মধ্যে একটি ছোট কফিনও রয়েছে। সবগুলো কফিনই ইরানের পতাকায় মোড়ানো।
খামেনির সঙ্গে আরও যে মরদেহগুলো আছে সেগুলো হলো— তার জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, তার সবচেয়ে বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তার পুত্রবধু ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির।
ইরানি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সবচেয়ে ছোট কফিনে রাখা হয়েছে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।
প্রসঙ্গত, শুক্রবার (৩ জুলাই) রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ৯ জুলাই মাশহাদে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা।
এদিকে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে যেকোনও ধরনের মার্কিন-ইসরায়েলি দুরভিসন্ধির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি এ হুঁশিয়ারি দেন।
আবদোল্লাহি বলেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী সরকারকে (ইসরায়েল) ভুল হিসাব-নিকাশ না করার জন্য সতর্ক করছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে, সেটি তাদের মাথায় রাখা উচিত।’
খবর টাইমস অব ইন্ডিয়ার।

No comments