আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ: কে জিতবে জানালো সুপারকম্পিউটার
বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে। শক্তি, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে লিওনেল মেসিদেরই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
ম্যাচকে সামনে রেখে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে অপটা জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬.৮ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১২.৩ শতাংশ।
অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিয়েছে সুপার কম্পিউটার। সেই হিসাবে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা ৮৯.৪ শতাংশ, আর কেপ ভার্দের সম্ভাবনা ১০.৬ শতাংশ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা।
অন্যদিকে অভিষেক বিশ্বকাপেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেন, সৌদি আরব ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টানা তিনটি ড্র করে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি।
পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও নকআউট পর্বে যে কোনো অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আরেকটি চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কেপ ভার্দে।

No comments