শিরোনাম

ফেনীতে মা-মেয়েকে ধর্ষণ: দুইজনের যাবজ্জীবন

চ্যানেল টেন ডেস্কঃ

ফেনীর দাগনভূঞায় প্রবাসীর স্ত্রী ও তার মাকে ধর্ষণের লোমহর্ষক ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের সাইফুল ইসলাম, আজাদ ও নিপু কুমার দাস। রায় ঘোষণার সময় আসামি আজাদ ও নিপু দাস কাঠগড়ায় উপস্থিত থাকলেও অন্যজন পলাতক রয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে দাগনভূঞার দক্ষিণ বারাহীগুনী গ্রামের এক প্রবাসীর বাড়িতে ঢুকে সহযোগীদের নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সাইফুল ইসলাম। এ সময় ঘটনার বাধা দিতে গেলে ধর্ষিতার মাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে স্থানীয় একটি ব্রিজের ওপর নিয়ে ধর্ষণ করে আজাদ ও নিপু। এই জঘন্য ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ১১ আগস্ট দাগনভূঞা থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই প্রবাসীর স্ত্রী। তদন্ত শেষে ২০১৯ সালের ২০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। গত ২৪ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় দিলেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মূল আসামি সাইফুল ও নিপুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা করে জরিমানা এবং অপরাধে সহায়তা ও ধর্ষণের দায়ে আজাদকে ১০ বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

No comments