শিরোনাম

নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না, পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামে নানার বাড়িতে পেয়ারা পাড়তে গিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তারে স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ওই গ্রামের রিপন মণ্ডলের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে ওমর ফারুক নানার বাড়ির একটি পেয়ারা গাছে ওঠে। গাছটির ডালপালার খুব কাছ দিয়েই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার চলে যাওয়ায় পেয়ারা পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে ছিটকে পড়ে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, গাছের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার চলে যাওয়ায় এমন দুর্ঘটনার আশঙ্কা ছিল। সময়মতো প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে হয়তো এই প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

এ ঘটনায় মহিপুর কলোনি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments