বগুড়ায় সোহাগ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
বগুড়ার বহুল আলোচিত সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. সিয়াম মন্ডলকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জেলার গাবতলী উপজেলার দীঘিরপাড়া মহিষাবান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা সিয়াম মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন সন্ধ্যায় জুয়া খেলাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি মীমাংসা করতে গেলে সোহাগ, রুবেল ও সাব্বিরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। এতে সোহাগ গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন বিকেলে মারা যান। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে ভবিষ্যতেও এমন অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনী।

No comments