শিরোনাম

শিবগঞ্জে রাইস মিল মালিক হত্যা মামলায় ২ আসামী গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিক মোহাম্মদ আলী সরকার (৫০)-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার তিন দিনের মাথায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের পুটখোর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল বারিক সাকিদারের ছেলে মো. আব্দুল আলিম (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী সরকার রাতের খাবার শেষে ফুলতলা ঈদগাহ মাঠসংলগ্ন নিজের রাইস মিলে পাহারা দিতে যান। ৬ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে ৫-৬ জনের একটি দল মিলের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে। এ সময় মোহাম্মদ আলী তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে।

একপর্যায়ে তিনি তাদের চিনে ফেলেছেন—এমন আশঙ্কায় অভিযুক্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর পুলিশ তদন্তে নেমে আধুনিক প্রযুক্তি ও গোপন তথ্যের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান।

No comments