বগুড়ার গাবতলীতে মাদক মামলার পলাতক আসামি, নারায়ণগঞ্জে র্যাবের হাতে আটক
মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৭ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন গাবতলী উপজেলার হামিদপুর দোয়ারপাড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. জুয়েল রানা ওরফে জুয়েল (৩৫)। তিনি মো. জামান সরকারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার ২০১৬ সালের একটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জুয়েল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল শনিবার রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতার এড়াতে জুয়েল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। অভিযানের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments