রূপপুর পারমাণবিক কেন্দ্রে উৎপাদন শুরুর আগেই ‘ত্রুটি শনাক্ত’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় সাময়িকভাবে পরীক্ষামূলক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির অংশ হিসেবে পরিচালিত পরীক্ষার সময় এই ত্রুটি ধরা পড়ে।
জানা গেছে, শুক্রবার (১২ জুন) জ্বালানি লোডের পর ‘কোল্ড রান’ বা শীতলীকরণ পরীক্ষার সময় সিস্টেমে চাপ প্রয়োগের পর্যায়ে একটি সাময়িক যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম জানিয়েছে, এটি বড় ধরনের কোনো সমস্যা নয়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং বা পরীক্ষামূলক ধাপে এ ধরনের ছোটখাটো ত্রুটি শনাক্ত হওয়া স্বাভাবিক এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলো সংশোধন করা বাধ্যতামূলক।
রূপপুর প্রকল্পের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সৈকত আহমেদ বলেন, ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই মেরামত কাজ শুরু হয়েছে। সমস্যা সমাধান হলে দ্রুতই পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় শুরু করা হবে।
প্রকল্প-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রথম ইউনিটের কয়েকটি স্থানে ক্ষুদ্র ধরনের ত্রুটি পাওয়া গেছে। এ কারণে পরবর্তী ধাপের পরীক্ষা আপাতত স্থগিত রেখে প্রয়োজনীয় সংস্কারকাজের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি লোডিং পরীক্ষার সময় কয়েকটি ছোট ছিদ্রজাতীয় সমস্যাও শনাক্ত হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা ও সমাধানের আওতায় রয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি পর্যবেক্ষক দলসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্পটি পরিদর্শন করছিলেন।
পরিদর্শক দলের সঙ্গে থাকা এক বিশেষজ্ঞের মতে, পারমাণবিক স্থাপনায় নিরাপত্তা-সংশ্লিষ্ট সামান্য অসঙ্গতিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুযায়ী এমন পরিস্থিতিতে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে সমস্যার সমাধান করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, ত্রুটিটি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত নয়। বরং বাণিজ্যিক উৎপাদনের আগে সম্ভাব্য সমস্যা চিহ্নিত ও সমাধান করার প্রক্রিয়ারই অংশ এটি।
এর আগে রূপপুর প্রকল্পকে ঘিরে দুই দিনব্যাপী একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পারমাণবিক বিদ্যুতের নিরাপত্তা, বাস্তবায়ন পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে আলোচনা করা হয়।

No comments