শিরোনাম

যমুনায় গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

চ্যানেল টেন ডেস্কঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

নিখোঁজ দুই শিশু হলো রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন শিশুর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে ইস্রাফিল ও ওসমান। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে গিয়ে তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুই শিশুর সন্ধানে অভিযান শুরু করে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে। নিখোঁজ শিশুদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ডুবুরি দল।

No comments