শিরোনাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কত

চ্যানেল টেন ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মূল্য এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে ডলার কেনার প্রবণতা বেড়েছে।

ডলারের এই শক্তিশালী অবস্থানের প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে গেছে।

বাজার তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ১১৬ দশমিক ০৭ মার্কিন ডলারে নেমে এসেছে। দিনের শুরুতে একপর্যায়ে দাম ৪ হাজার ৯০ দশমিক ২৭ ডলারে নেমে যায়, যা গত ১১ জুনের পর সর্বনিম্ন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার বা চুক্তিভিত্তিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১৩৩ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফেড কঠোর মুদ্রানীতির ইঙ্গিত দেওয়ায় ডলারের চাহিদা বেড়েছে এবং স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ব্রোকারেজ প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্তা বলেন, ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ডলারকে আরও শক্তিশালী করছে, যা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মধ্য ও দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারের গতিপথ মূলত ডলারের শক্তি এবং ফেডের নীতির ওপর নির্ভর করবে।

গত সপ্তাহে ফেডের নীতিনির্ধারকদের প্রায় অর্ধেক চলতি বছর আরও সুদের হার বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। এর পর থেকেই মার্কিন ডলার সূচক গত বছরের মে মাসের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

‘সিএমই ফেডওয়াচ টুল’-এর তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা গত সপ্তাহের ২৯ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ৬৮ শতাংশে পৌঁছেছে।

এদিকে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ‘পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার্স’ (পিসিই) বা ব্যক্তিগত ভোগ ব্যয় সূচকের দিকে নজর রাখছেন। চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হতে যাওয়া এই সূচক ফেডের মূল্যস্ফীতি মূল্যায়নের অন্যতম প্রধান নির্দেশক হিসেবে বিবেচিত হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষক সুকি কুপার এক নোটে বলেন, ইরান শান্তি চুক্তির পর বাজারে ধারণা ছিল স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের আশপাশে স্থিতিশীল থাকবে। কিন্তু বাস্তবে বিনিয়োগকারীরা দাম বাড়লেই মুনাফা তুলে নিতে বিক্রির পথে হাঁটছেন।

অন্যদিকে, ডয়চে ব্যাংকের বিশ্লেষক মাইকেল হুসুয়েহ জানিয়েছেন, ফেড যদি সুদের হার আর না বাড়ায়, তাহলে বছরের শেষ প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮০০ ডলারে পৌঁছাতে পারে। তবে সুদের হার আরও তিন থেকে চার দফা বাড়ানো হলে স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলারে নেমে আসার ঝুঁকি রয়েছে।

শুধু স্বর্ণ নয়, ডলারের শক্তিশালী অবস্থানের কারণে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ৩৪ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৬৩৭ দশমিক ৩৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২৪৯ দশমিক ১৩ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

No comments