শিরোনাম

তদন্ত মাহফুজের অত্যাচারে অতিষ্ঠ বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদর থানার তদন্ত শাখার কার্যক্রম নিয়ে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ ও নানা অভিযোগের আলোচনা চলছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মামলার কার্যক্রমে প্রভাব বিস্তার এবং সহকর্মী কর্মকর্তাদের তথ্য বাইরে সরবরাহের অভিযোগ তুলেছেন কয়েকজন পুলিশ সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য দাবি করেন, থানায় দায়ের হওয়া কিছু অভিযোগ ও মামলার ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্ত ও এন্ট্রি সংক্রান্ত কিছু বিষয়ে আর্থিক লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

অভিযোগকারীরা আরও বলেন, থানার বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে তথ্য বাইরে চলে যাওয়ার কারণে কর্মপরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে অনেক কর্মকর্তা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলেও দাবি করেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে কোনো লিখিত নথি বা প্রামাণ্য দলিল প্রতিবেদকের হাতে আসেনি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।”

এ বিষয়ে সদর থানার দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহলের মতে, অভিযোগগুলো যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

No comments