শেরপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ ৩ মাদকসেবী আটক
বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ জুন) শেরপুর উপজেলার পূর্বদত্তপাড়া ও মধ্য জুমার এলাকায় অভিযান চালায় ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল। শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পূর্বদত্তপাড়া এলাকার মো. আলমগীর (৩৮), গোসাইবাড়ী এলাকার মো. ইউসুফ আলী (৩৪) এবং মধ্য জুমার এলাকার মো. শাফিন (৩২)। তারা সবাই শেরপুর উপজেলার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মো. আলমগীর ও মো. ইউসুফ আলীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে মো. শাফিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান বজায় থাকবে।

No comments