৫৩ দিন পর ডিবির অভিযানে উদ্ধার কিশোরী
বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদের মেয়ে মোছা. তাছনিয়া রানা তামান্না (১৬) কে প্রায় ৫৩ দিন পর উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জানা যায়, গত ১ মে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মো. শহিদ হোসেন (২০) নামে এক যুবক তাছনিয়া রানা তামান্নাকে ফুসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ৭ মে তামান্নার বাবা কনস্টেবল মো. রানা মাসুদ বাদী হয়ে শহিদ হোসেন, তার বাবা-মা, ভগ্নিপতি রেজাউল করিমসহ ৬ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযুক্তরা ভিকটিমকে নিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তভার গ্রহণের পর ডিবি পুলিশ ভিকটিম উদ্ধার ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাছনিয়া রানা তামান্নাকে উদ্ধার করে।
ডিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments