২ জুলাই থেকে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন (একই) প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এবার আমরা অভিন্ন প্রশ্নে পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কী হয়। প্রতিটি বোর্ডের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা থাকে, মূলত সেই উদ্দেশ্য থেকেই আমাদের এই সিদ্ধান্ত।
পরীক্ষা চলাকালীন যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন পরিস্থিতির প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরীক্ষার সময় দুর্যোগ হলে তা মোকাবিলার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রশ্নপত্র যথাসময়ে আগেই নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যাবে। যেকোনো সমস্যা এড়াতে আমাদের আগাম প্রস্তুতি ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

No comments