শিরোনাম

বগুড়ায় ৫২টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিন্টু গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আমিরুজ্জামান ওরফে পিন্টু (৫৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া ক্যাম্প।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আমিরুজ্জামান পিন্টু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত ৪টার দিকে বগুড়া সদর উপজেলার মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পিন্টু মালগ্রাম খন্দকারপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি ডা. আবু জাফরের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানার সিআর মামলা নং-৯৬৩/২৬ এর অধীনে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, পিসিপিআর যাচাইয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মোট ৫২টি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

No comments