বগুড়ার গাবতলীতে র্যাব অভিযানে ২০০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
বগুড়ার গাবতলী উপজেলার সারোটিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি আভিযানিক দল গত বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গাবতলী ইউনিয়ন ভূমি অফিসের গেটসংলগ্ন সারোটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সমুন (২৪), আমিনুর ইসলাম ওরফে ঝন্টু (৪০) এবং রাকিব ফকির (২৭)। তারা সবাই গাবতলী উপজেলার সারোটিয়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ৬টি সিম কার্ড এবং নগদ ৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

No comments