শিরোনাম

বগুড়ার শিবগঞ্জে বাসে ইয়াবার চালান, ১৬০০ পিসসহ আটক ১

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে ঢাকা-ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। সোমবার (১৮ মে ২০২৬) ভোর ৩টা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানার ভরিয়া পাকুরতলা এলাকার এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারি গ্রামের মোঃ জয়নাল (৫৫)। তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের G-4 সিটে টিকিটবিহীন যাত্রী হিসেবে অবস্থান করছিলেন। ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ওই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এসময় একটি কাগজের খাঁকি খামের মধ্যে স্কচটেপে মোড়ানো নীল রঙের ৮টি জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১৬০০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৬০ গ্রাম বলে জানিয়েছে ডিএনসি।

এছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি সিমসহ SYMPHONY D43 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) ধারায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ তাহিদুল আলম। ডিএনসি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

No comments