শিরোনাম

বিশ্বকাপ দলে টিকে থাকার লড়াইয়ে নেইমার, রেফারির ‘ভুল’ ও আনচেলত্তির সিদ্ধান্ত

চ্যানেল টেন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগের দিন এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মাঠে রেফারি ও ফোর্থ অফিসিয়ালের এক ‘অবোধ্য ভুলের’ কারণে অনাকাঙ্ক্ষিতভাবে মাঠ ছাড়তে হয়েছে সান্তোসের এই তারকাকে। আর এই ঘটনার রেশ ধরেই নিজের বিশ্বকাপ ভাগ্য সম্পূর্ণভাবে সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তির ওপর ছেড়ে দিয়েছেন এই ফরোয়ার্ড।

রোববার (১৭ মে) ব্রাজিলিয়ান লিগে করিতিবার বিপক্ষে সান্তোসের হয়ে শুরুর একাদশে ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। ম্যাচটি সান্তোস ৩-০ গোলে হারলেও মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ম্যাচের ৬৫তম মিনিটের একটি ঘটনা। কাফ পেইনের (পায়ের পেশির চোট) কারণে সামান্য চিকিৎসা নিতে মাঠের বাইরে গিয়েছিলেন নেইমার। ঠিক তখনই ম্যাচের ফোর্থ অফিসিয়াল ভুল করে বদলির বোর্ডে নেইমারের ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন এবং মাঠে নামেন রবিনহো জুনিয়র।

কিন্তু সান্তোসের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল ভিন্ন। তারা ৩১ নম্বর জার্সিপরিহিত গঞ্জালো এসকোবারকে উঠিয়ে রবিনহোকে নামাতে চেয়েছিল। নেইমার ও সান্তোস বেঞ্চ তাৎক্ষণিক প্রতিবাদ জানালেও রেফারি তার সিদ্ধান্তে অটল থাকেন। রাগে-ক্ষোভে নেইমার রেফারির হাত থেকে অফিশিয়াল বদলির কাগজটি ছিনিয়ে নিয়ে সরাসরি টিভি ক্যামেরার সামনে তুলে ধরেন, যেখানে স্পষ্ট লেখা ছিল বদলি হওয়ার কথা এসকোবারের, নেইমারের নয়!

রেফারির এই ঐতিহাসিক ভুলের পর অধিনায়কের আর্মব্যান্ড এসকোবারকে দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের গুরুতর হাঁটুর চোট কাটিয়ে সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে বিশ্বকাপ দল ঘোষণার একদিন আগে রেফারির ‘অবোধ্য’ ভুলের মাশুল দিলেন নেইমার। কারণ বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নন তিনি। 

এদিকে, করিতিবার বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিশ্বকাপ ভাগ্য নিয়ে মুখ খোলেন নেইমার। তিনি বলেন, 'আনচেলত্তি সিদ্ধান্ত নেবেন আমি সেখানে থাকার যোগ্য কি না। আমি এই দলটার জন্য কঠোর পরিশ্রম করেছি। তবে যদি আমি নির্বাচিত না-ও হই, তাহলে আর দশজন সাধারণ সমর্থকের মতো গ্যালারিতে বসে ব্রাজিলকে সমর্থন জুগিয়ে যাব।"

ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের দল থেকে আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত ২টায় চূড়ান্ত ২৬ জনকে বেছে নেবেন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, অতীতের ঐতিহ্য বা নাম দেখে নয়, বরং বর্তমান পারফরম্যান্স এবং শারীরিক সক্ষমতা (ফিটনেস) বিবেচনা করেই বিশ্বকাপের টিকিট দেওয়া হবে।

বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া এবং তরুণ সেনসেশন এনদ্রিকদের মতো ফুটবলাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে দলে তরুণদের আধিপত্যের দাবি যেমন উঠছে, তেমনি নেইমারের মতো অভিজ্ঞ তারকার ‘ওয়ান লাস্ট ড্যান্স’ বা শেষ বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে আছেন কোটি কোটি ভক্ত। এখন দেখার বিষয়, আনচেলত্তির চূড়ান্ত তালিকায় নেইমারের নাম থাকে কি না।

No comments