সিরাজগঞ্জ মহাসড়কে এখনও স্বস্তির ঈদযাত্রা, নেই যানজট
চ্যানেল টেন ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। ঈদকে সামনে রেখে সোমবার (২৫ মে) সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু সংযোগ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে, যানবাহনের চাপ বাড়লেও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
সোমবার (২৫ মে) বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম পাড়, কোনাবাড়ি মোড়, সায়দাবাদ এলাকা, কড্ডার মোড় ও নলকা এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ ক্রমাগত বাড়ছে। দূরপাল্লার বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে যে যেভাবে পারছেন, বাড়ির পথে রওনা দিচ্ছেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের সংখ্যাও বাড়ছে।
মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নির্ধারিত স্থান ছাড়া কোথাও যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামার সুযোগ দিচ্ছে না পুলিশ। এছাড়া মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে, সেখানে ঈদকে সামনে রেখে সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে প্রায় ৪০ হাজার যানবাহন। এতে মহাসড়কে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণে পৌঁছেছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সোমবার সকাল থেকেই যানবাহনের চাপ ছিল। বিকেলেও যানবাহনের চাপ আরও বেড়েছে। তবুও সিরাজগঞ্জ মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট নেই।
প্রসঙ্গত, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে, এখন পর্যন্ত সিরাজগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক ও স্বস্তিদায়ক রয়েছে।
No comments