মাথা গোঁজার ঠাঁই হারানো নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
রাজধানীর মগবাজারের ফুটপাতে মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন প্রবীণ নাঈমুদ্দিন। অসহায় এই বৃদ্ধের সেই দুঃসময়ে সহায় হয়ে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি নিজে মোবাইল ফোনে কথা বলে এই প্রবীণের পাশে আজীবন থাকার আশ্বাস দিয়েছেন এবং তার স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং বৃদ্ধকে স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’কে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, রাজধানীর মগবাজারে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনার সঙ্গে সঙ্গে মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুও হারান ৮০ বছর ঊর্ধ্ব প্রবীণ নাঈমুদ্দিন।
উচ্ছেদ অভিযান চলাকালে প্রবীণ নাঈমুদ্দিনের কাছে গিয়ে থমকে যান দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ‘এই দোকান উচ্ছেদ হবে না।’ এ নিয়ে গণমাধ্যমে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিভিন্ন সংস্থা, সংগঠন এবং ব্যক্তি ওই প্রবীণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিতে থাকে। শুধু ব্যক্তি, সংস্থা বা সংগঠনই নয়; প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রবীণ নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন এবং তাকে সহায়তা প্রদান করেন।
মোকছেদুল মোমিন মিথুন আরও জানান, প্রবীণ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

No comments